
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজন করা হচ্ছে তিন দিনের পর্যটন মেলা। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে এ মেলার আয়োজন করা হবে।
আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হবে মেলা। প্রথম দিন সকাল সাড়ে ৯টায় কক্সবাজার সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ১০টায় পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। বিকেলে থাকবে লোকজ সংগীত, ফায়ার শো ও ব্যান্ড সংগীত পরিবেশনা।
২৬ সেপ্টেম্বর শনিবার দ্বিতীয় দিন সকালে সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায়ও সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এদিন বিকেলে সুফি ও কাওয়ালি গান, লোকসংগীত এবং দ্বৈত সংগীত পরিবেশন করা হবে।
সমাপনী দিন ২৭ সেপ্টেম্বর রোববার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সকাল ৯টায় সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বিশ্ব পর্যটন দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভা হবে।
শেষ দিন বিকেল ৩টায় ঘুড়ি উৎসব, বিকেল ৪টায় সি সেফ লাইফগার্ডের জরুরি সেবা ও প্রাথমিক চিকিৎসা কার্যক্রম প্রদর্শনী এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনা থাকবে।
এ ছাড়া রাখাইন নৃত্য, বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চাকমা, ম্রো ও রাখাইন নৃগোষ্ঠীর নৃত্য এবং অরুণোদয় স্কুল ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাত ৮টার পর ‘আঁলা’ পরিবেশনার মধ্য দিয়ে তিন দিনের পর্যটন মেলার সমাপ্তি হবে।